মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানের ড্রেন থেকে মীরা হাজরা (৪০) নামের এক নারী চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

নিহত মীরা হাজরা উপজেলার কালীঘাট ইউনিয়নের অন্তর্গত ফিনলে টি কোম্পানির ভাড়াঊড়া চা-বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন। তিনি একই বাগানের চা শ্রমিক দিপু হাজরার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
 


চা বাগান ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) সকালে কাজের উদ্দেশ্যে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা। দিনভর কাজ শেষে বিকেলে মাথায় তোলা চা-পাতার বোঝা নিয়ে ওজন দেওয়ার জন্য নির্ধারিত কেন্দ্রের দিকে রওনা হন। পথে বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের একটি ড্রেনে তিনি অসাবধানতাবশত পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।
 

এদিকে রাত হয়ে গেলেও মীরা ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তার সন্ধান শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে পরিবারের সদস্য ও সহকর্মীরা ওই সেকশনের ড্রেনের ভেতরে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রাথমিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৯