ছবি: সংগৃহিত
সারাদেশের মতো সিলেটেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দিনটি পালন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি ছিল বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে নগরীর ১০১ সুরমা ভ্যালি তোপখানায় সিলেট মহানগর বিএনপির কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য, পাট, বস্ত্র ও শিল্পমন্ত্রী এবং সিলেট-১ (নগর-সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সিলেট মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের বিপুলসংখ্যক নেতাকর্মী।
পরে দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হয়েছিলেন রেজিস্ট্রারি মাঠে। র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এ সমাবেশেও প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে বর্ণাঢ্য র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এছাড়াও বিশ্বনাথ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগরসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবর পাওয়া গেছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৫




