মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর-আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। চার মাস আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা।
আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। ঘোরাঘুরি শেষে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। আহত হন সাজ্জাদ।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সকালে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
তিনি আরও বলেন, আহত সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হৃদয়ের মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩




