র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯) সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২ জনকে আটক করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌণে ৭টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার বনপুর (আদর্শগ্রাম) এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩৯) ও একই এলাকার মো. শহিদ মিয়ার ছেলে মো. জফির মিয়া (২২)।
র্যাব জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌণে ৭টার দিকে কোম্পানীগঞ্জ থানার বনপুর (আদর্শগ্রাম) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মো. জসিম উদ্দিন পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার বসতঘরে পিছনে তল্লাশী চালিয়ে গর্তের ভেতর থেকে ৩৪ বোতল বিদেশি মদ ও ৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে একই গ্রামের জফির মিয়ার বাড়িতে তল্লাশী চালিয়ে আরও ৩৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১




