সিলেটভিউ গ্রাফিক্স

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে মহানগরীর ৭টি পয়েন্টে সড়কের পাশে দাঁড়িয়ে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন। এছাড়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। 

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচীতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওসমানী বিমানবন্দরে পৌঁছবেন। এরপর তিনি চলে যাবেন সার্কিট হাউসে। সেখান থেকে বের হয়ে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকেল সাড়ে ৩টায় তিনি নগরভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নিবেন এবং ওইদিন রাত ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।



এদিকে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিসিক। প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, নগর ভবনের সামনে সংবর্ধনাস্থলে ১ হাজার ২শ’ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে সিলেটের মন্ত্রী ও হুইপ ছাড়া বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতির বক্তব্যের পর আধাঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে। 


কাইয়ূম চৌধুরী আরও জানান, অনুষ্ঠানে নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পুরো সংবর্ধনা অনুষ্ঠানটি রাখা হয়েছে অরাজনৈতিক। তিনি আরও জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজারে প্রয়োজনীয় সংস্কার কাজ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।


এদিকে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৭টি পয়েন্টে স্বাগত জানাবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, চৌকিদেখি, আম্বরখানা, দরগাহ গেইট, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড় ও শাহপরাণ পয়েন্টে সড়কের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ