ছবি: ফাইল ছবি।
সিলেট মহানগরীতে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। গুরুত্বপূর্ণ তিন এলাকায় জোরদার করা হয়েছে কঠোর নজরদারি এবং নগরীর বিভিন্ন পয়েন্টে চলছে তল্লাশি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিশেষ করে, বিমানবন্দর থেকে আম্বরখানা রোড, হযরত শাহজালাল (রহ.) মাজার, হযরত শাহপরান (রহ.) মাজার সংলগ্ন এলাকা এবং রাষ্ট্রপতির সফরসূচির আওতাভুক্ত গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
এসব এলাকায় সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ও তৎপরতা বেড়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতেই এই বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
এসএমপি সুত্র জানিয়েছে, রাষ্ট্রপতির নিরাপত্তায় মহানগর পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সফরের দিন বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে এসএমপির বিশেষায়িত চারটি টিম কাজ করছে। এর মধ্যে রয়েছে সিআরটি, বোমা ডিসপোজাল, ড্রোন ও স্ট্রাইকিং টিম। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের রুটে বিশেষ নজরদারি রাখা হয়েছে। তবে নগরবাসীকে আতংকিত না হয়ে সহযোগীতার আহবান জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/মআস-৮/আশিক-০৯




