ভাড়া করা রিসোর্টে মদ-কোকেনসহ বিভিন্ন ধরনের মাদক নিয়ে ডিজে পার্টিতে মগ্ন ছিলেন ৪ যুবক-যুবতী। এরপর সেই রিসোর্টে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদকসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরের পূবাইলের ভাদুন এলাকার পূবাইল রিসোর্ট ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয়।



আটককৃতরা হলেন- মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), তুষার আহমেদ নিশু (৩২), মহিদুল ইসলাম রাহাত (২৮) ও কাসফিয়া নিশাত (২৫)।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গাজীপুরের 'পূবাইল রিসোর্ট ক্লাব' এর লেকের ভেতরে একটি কটেজে তল্লাশি করে বিপুল মাদক উদ্ধার করেছে। অভিযানে ২১ পিস এমডিএমএ (এক্সটাসি), ২৪ গ্রাম কুশ, ১ গ্রাম কোকেন, ৩.৭৫ লিটার বিলাতি মদ এবং ২০ গ্রাম ক্যানাবিস গামি জব্দ করা হয়। এ ছাড়া আলামত হিসেবে চারটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) জব্দ করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, আটককৃতদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭