পূর্ববিরোধের জেরে সুনামগঞ্জের দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে একটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে গুলি ছোড়ার কোনো অভিযোগ পুলিশ পায়নি বলে জানিয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে দিরাই থানা-পুলিশ। তবে এ ঘটনায় কোন আহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনাকে কেন্দ্র করে তারাপাশা ও টংঘর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এর জেরে রোববার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে মিলনগঞ্জ বাজারে হাতাহাতির ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, এরই ধারাবাহিকতায় সোমবার সকালে টংঘর গ্রামের ইসমাইল খানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিলনগঞ্জ বাজারে মহড়া দেয়। এ সময় তারাপাশা গ্রামের ব্যবসায়ী আব্দুল তাহিদের জুতা ও কাপড়ের দোকান ভাঙচুর এবং ফাঁকা গুলি ছোড়া হয় বলে তারা জানান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জেরে মিলনগঞ্জ বাজারে একটি দোকান ভাঙচুরের খবর পাওয়া গেছে। তবে গুলি করার কোনো অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০৩






