ছবি: সংগৃহিত।

জুয়ার আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন-  মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান (৪০), চর জোড়খালী গ্রামের হাসিজল (৩৮), সোহরাব শেখের ছেলে মো. হাফিজুর (২৮) এবং একই এলাকার মো. নায়েব আলী (নাতু) (৫০)।



পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জের চর জোড়খালী এলাকার এক বাড়িতে জুয়ার আসর বসেছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আওয়ামীলীগ নেতা হামিদুর রহমান ও হাসিজলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। 


মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি হামিদুর রহমান ও হাসিজলের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় তাদের ওই মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে। নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় রাতের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেপ্তার চারজনকে জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৫