কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
 

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
 


লালবাগ থানা সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা পুলিশ জানতে পারে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি শারমিন সুলতানা সর্মি লালবাগ থানার শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে লালবাগ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং যুব মহিলা লীগের ২০১৭-২০২২ মেয়াদের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬