ছবি: সংগৃহিত।
বৌভাতের জন্য জবাই করা গরু চোরাই প্রমাণিত হওয়ায় একটি অনুষ্ঠান পণ্ড হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের বাবাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (৩ অক্টোবর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে।
জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামের রফিকুল ইসলামের (৫০) ছেলে সোহান মিয়ার সঙ্গে শুক্রবার (২ অক্টোবর) একই উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। পরদিন রফিকুল ছেলের বৌভাতের আয়োজন করে। এ জন্য চলছিল প্রস্তুতি।
বৌভাত উপলক্ষে ভোরে একটি গরুও জবাই করা হয়। চলছিল মাংস কাটাকাটি। এরই মধ্যে জবাই করা ওই গরুটি চোরাই বলে অভিযোগ ওঠে। পণ্ড হয় বৌভাতের অনুষ্ঠান। পালিয়ে যায় বর সোহানসহ বিয়ে বাড়ির লোকজন। পুলিশের হাতে আটক হয় বরের বাবা রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জবাই করা গরুর মাথা ও চামড়া দেখে গরুর মালিক শহিদুল ইসলাম তাঁর চুরি হওয়া গাভীটি শনাক্ত করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শহিদুলের ভাতিজা আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে বরপক্ষের লোকজন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম জানান, আহত আনোয়ারুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরের বাবা জানান, কম দামে এক ব্যক্তির কাছ থেকে তিনি গরুটি কিনেছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১২





