ছবি: সংগৃহিত
৩/৪ দিন বিরতির পর আবার মৃত্যু দেখলেন সিলেবাসী। এবার হামে প্রাণ গেছে ২ শিশুর। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১১ জন।
রবিবার ( ১৮ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। তারা জানায়, রবিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন গোয়াইনঘাটের ফতেহপুর এলাকার কামাল উদ্দিনের মেয়ে সাদিয়া। তার বয়স ১ বছর ৬ মাস। অপরজনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানায়। তার পিতার নাম হাফিজুর রহমান। বয়স মাত্র ৯ মাস ২২ দিন।
এই দু’জনসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ১৯৫। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৮১ জন। এরপর সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৫ জনের।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কোনো হাম রোগী হয়নি। চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১১১৫ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১১১ জন। তাদের মধ্যে শহিদ শামসুদ্দিনন হাসপাতালে ৪৩, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৪৪৭ জন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৯





