পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় সিলেটের জালালাবাদ থানার এক এএসআইকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক আদেশে ওই পুলিশ সদস্যকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

 


ক্লোজড হওয়া এএসআই (নি:) উদয়ন ফারুক। তিনি সিলেটের জালালাবাদ থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জালালাবাদ থানার এএসআই (নি:) উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পূজামণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি। তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে ক্লোজড করে থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১