নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় ধাওয়া দিয়ে গাজীরপুল এলাকা থেকে সংগঠনটির জেলা শাখার সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।
 

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বরগুনার বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় এ মিছিল বের করা হয়।
 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ব্যানার নিয়ে মিছিল করছেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

মিছিলের খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।
 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খাঁন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ধাওয়া দিয়ে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়।
 

তিনি আরও বলেন, আকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৪