মাঠে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। রবিবার (২৫ অক্টোবর) সকালে ব্রাজিলের ঘরোয়া লিগে সান্তোস এফসির হয়ে খেলতে নেমে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখার পাশাপাশি প্রতিপক্ষ খেলোয়াড়কে হুমকি দিয়েছেন এই তারকা। 

 



ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচের প্রথমার্ধেই বল দখলের লড়াইকে কেন্দ্র করে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষে জড়ান নেইমার। ম্যাচের এক পর্যায় প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারার অপরাধে সে সময় হলুদ কার্ড দেখেন তিনি। 


তবে কার্ড দেখেও শান্ত না হয়ে নেস্টরসহ বাহিয়ার অন্য খেলোয়াড় ও কোচ রজেরিও সেনির সঙ্গেও তর্কে লিপ্ত হন নেইমার। বিরতির পর খেলা শুরু হতেই আবার নেস্টরের মুখোমুখি হন তিনি। সে সময় মুখের ওপর হাত রেখে প্রতিপক্ষের উদ্দেশে কিছু একটা বলার পরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রেফারি ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পরীক্ষা করে নেইমারের এই আচরণকে শাস্তিযোগ্য অসদাচরণ হিসেবে বিবেচনা করেন ও তাকে সরাসরি লাল কার্ড দেখান।

 

লাল কার্ড পাওয়ার পর নিজের ক্ষোভ সংবরণ করতে পারেননি নেইমার। রদ্রিগো নেস্টরের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে শেষ পর্যন্ত অন্য খেলোয়াড়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন তিনি। তবে ম্যাচ শেষে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নেইমার দাবি করেন যে তারা স্রেফ মজা করছিলেন ও তার মুখ ঢাকা ভুল হলেও তিনি কাউকে কোনো খারাপ কথা বলেননি। 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩