ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জের জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে।  


রবিবার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে  সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয়।


 

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন আরিফুর রহমান শান্ত।  শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তার আচরণ অসংলগ্ন হয়ে পড়ে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ সময় দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের সঙ্গে তার অপ্রীতিকর ঘটনা ঘটে। তাদের একজনকে মারধর এবং তার মুঠোফোন ভাঙচুরের অভিযোগও উঠেছে।

 

একই রাতে শান্তের সরকারি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক দায়ী থাকবেন।’ পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়। ফেসবুকে এমন পোস্ট দেখে পুলিশসহ অন্যরা ছুটে যান তার বাসায়। পরে গভীর রাতে জামালগঞ্জ থেকে তাকে নেওয়া হয় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে। রাতেই নেওয়া হয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে তাঁর স্ত্রী ও অন্যরা শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকায় নিয়ে যান।

 

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, তাঁরা নিয়মিত আরিফুরের খোঁজখবর রাখছেন। আরিফুর দুই মাস ধরে জামালগঞ্জে এসি ল্যান্ডের দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে থাকতেন।

 

ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে ইউএনও শিল্পী রানী মোদক জানান, শুক্রবার তাঁর (ইউএনও) তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। রাতে কেক কাটার আয়োজনে এসি ল্যান্ড স্ত্রীসহ তাঁর বাসায় উপস্থিত হন। এরপর বাসা থেকে বের হয়েই সোয়া ১০টার দিকে তিনি ফেসবুকে পোস্ট দেন। পোস্ট দেখে অনেকেই এসি ল্যান্ডের বাসায় যান। পুলিশও আসে। এর আগে তিনি সেখানে থাকা আনসার সদস্যকে মারধর করেন। ঘরের গ্লাস ভাঙেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৪