ছবি: সিলেট ভিউ।
সিলেট নগরীর পাইকারি বাজার হকার্স মার্কেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক আরিফ মুর্শেদ মিশু ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন।
অভিযানে পণ্যের লেবেল জালিয়াতি ও নকল পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন জানায়, অভিযানে লাভলী এন্টারপ্রাইজে অনিয়ম ধরা পড়ে। অনুমোদনহীন পণ্যে অন্য কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি অনুমোদনহীন তেল ও চকলেট বাজারজাতের অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, শাহ এন্টারপ্রাইজে নকল পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
লেবেল জালিয়াতি, অনুমোদনহীন পণ্য ও নকল পণ্যের কারবারে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে প্রশাসন জানায়, বাজারে অনিয়ম ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩/আশিক-১২




