ছবিঃ সিলেট ভিউ।
হবিগঞ্জের নবীগঞ্জে রাতের আঁধারে চলছে পাহাড় কাটার ‘উৎসব’। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতভর পাহাড় কেটে সাবাড় করে দিচ্ছে একটি ভয়ংকর চক্র। আর এতে করে দিন দিন নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
এ ছাড়াও ট্রাক বা ট্রাক্টরে করে মাটি পরিহনের ফলে ভেঙে যাচ্ছে এলাকার রাস্তাঘাট। প্রতিনিয়ত পাহাড় কাটার কারণে ঝুঁকিতে রয়েছেন এলাকার বাসিন্দারা। টানা ঝড়বৃষ্টি দেখা দিলে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় বাসিন্দাদের। প্রশাসন বলছে, বিষয়টি নজরে রাখছেন তারা। খবর পাওয়া মাত্র চালানো হচ্ছে ভ্রাম্যমাণ অভিযান।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দিনারপুর, শতক নোয়াপাড়া, আইনগাঁও, দেবপাড়া, কান্দিগাঁও, রামলুহ, পানিউমদা, রুকনপুর, বড়ছর ও হুরাগাঁওসহ আশপাশের এলাকায় রয়েছে ছোট বড় অসংখ্য টিলা ও পাহাড়। আর এসব টিলা ও পাহাড়ের লাল মাটির ওপর নজর পড়েছে একাধিক প্রভাবশালী চক্রের। চক্রটি তাদের প্রভাব কাজে লাগিয়ে কোনো কোনো জায়গায় প্রশাসনকে ভুল বুঝিয়ে নামে মাত্র অনুমতি নিয়ে আবার কোনো কোনো জায়গা থেকে অনুমতি না নিয়েই দিনরাত চালিয়ে যাচ্ছে পাহাড় কাটা। ছোট বড় একাধিক এস্ককেভেটর দিয়ে তারা পাহাড় টিলার বুক থেকে কেটে নিয়ে যাচ্ছে মাটি। ফলে পরিবেশের ভারসাম্যের পাশাপাশি দেখা দিচ্ছে ভূমিধসের শঙ্কা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও এলাকায় বসতবাড়ি নির্মাণের কথা উল্লেখ করে রুনু বেগম নামে এক নারীর নামে ব্যক্তি মালিকানাধীন ভূমি থেকে মাটি কাটার জন্য আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন স্বাক্ষরিত একটি পত্রে বসতবাড়ি নির্মাণের জন্য ব্যক্তি মালিকানাধীন ভূমি থেকে সীমিত পরিসরে মাটি কাটার অনুমতি দেওয়া হয়। অনুমতিপত্রে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট বিধানের আওতায় মাটি উত্তোলনের কথা উল্লেখ করা হয়েছে। আইনটির ৭ (ক) ধারায় ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। তবে নামে মাত্র নেওয়া এ অনুমতির সুযোগকে কাজে লাগিয়ে বসতবাড়ি নির্মাণের প্রয়োজনের তুলনায় বাণিজ্যিকভাবে অনেক বেশি পরিমাণ মাটি কাটা হচ্ছে। এস্ককেভেটর দিয়ে প্রায় ৭০ থেকে ৮০ ফুট উচ্চতার একটি পাহাড় কেটে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে রাতদিন। এতে পাহাড়ের প্রাকৃতিক আকৃতি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে পাহাড়ের উঁচু অংশ কেটে নেওয়ায় আশপাশের বাড়িঘর ধসে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে। একইভাবে উপজেলার অন্যান্য এলাকা থেকেও চলছে সুকৌশলে পাহাড় টিলা কাটার মহোৎসব।
স্থানীয়রা বলছেন, চক্রটি প্রভাবশালী হওয়ায় এলাকার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। তারা আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে। তাদের কারণে স্থানীয় সাধারণ লোকজন অস্বস্থিতে রয়েছেন। গত দুই যুগে ওই এলাকা থেকে অন্তত ২০০ পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। যেগুলো রয়েছে সেগুলোর ওপর এখন তাদের নজর।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, হাওড়-টিলা বন পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। ব্যক্তি মালিকানাধীন জায়গা হলেও পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস করার সুযোগ নেই।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, এক নারী বাড়ি তৈরির জন্য কিছু মাটি কাটার আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে সীমিত আকারে মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছে। তবে এখন জানতে পেরেছি, অনুমতির নামে তারা পাহাড় কাটছে। এ ঘটনা জানার পর মাটি কাটা বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শতক নোয়াপাড়া এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে মো. জহিরুল নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলমান থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/আশিক-০৬




