সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটে মহাসড়কের তেলিখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মারা যান মোটরসাইকেল আরোহী ওমর আলী (৪৫) নামের এক ব্যক্তি। তিনি তেলিখাল গ্রামের মৃত নজীর আহমেদের ছেলে। তিনি পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন।

পুলিশ জানায়, রোববার রাতে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী ওমর আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, বঙ্গবন্ধু মহাসড়কের তেলিখাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন। দুর্ঘটনা কবলিত জায়গা থেকে ট্রাক্টর সরিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক্টরটি পাশের বাজারে রাখা হয়েছে।


সিলেটভিউ২৪ডিটকম / জলিল / ডি.আর