এখন থেকে ভিসা ছাড়াই যাওয়া যাবে ব্রাজিলে। এ বিষয়ে দুই দেশের মধ্যে ভিসা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এ সুযোগ পাবেন শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা।
মঙ্গলবার (১৯ জুলাই) ব্রাজিলের পররাষ্ট্র দপ্তরে এ চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো।
দীর্ঘদিন জনশক্তি রপ্তানিসহ ব্যবসা বাণিজ্যে নতুন ক্ষেত্র তৈরি করতে কাজ করছে সরকার। পশ্চিমা বিশ্বের বাইরে অগ্রসরমান অর্থনীতির দেশ ব্রাজিল বাংলাদেশের জন্য দারুণ সুযোগ তৈরি করতে পারে। এরই অংশ হিসেবে দেশটিতে যাতায়াত সহজ করার জন্য দুদেশের মধ্যে স্বাক্ষর হয়েছে ভিসা সহযোগিতা চুক্তি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ফোরামে নানা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি, সয়াবিন তেল থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বাজার বৃদ্ধিতেও দুই দেশ একমত হয়েছে।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো বলেন, দুই দেশের মধ্যে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এদিকে ইউক্রেন যুদ্ধের ডামাডোলে রোহিঙ্গা সংকটের বিষয়টিও যেন হারিয়ে না যায় সেই চেষ্টার আশ্বাসও দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ ব্রাজিল।
সিলেটভিউ২৪ডটকম/পিডি
সূত্র : ঢাকাটাইমস




