ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের ভূখণ্ডে দুটি ফাটল দেখা দিয়েছে। এসব ফাটলের এমটি ৩০০ কিলোমিটার ও আরেকটি ১২৫ কিলোমিটার লম্বা। যুক্তরাজ্যের সেন্টার ফর দ্য অবজারভেশন অ্যান্ড মডেলিং অব আর্থকুয়াকস, ভলকানোস অ্যান্ড টেকটোনিকসের (কমেট) বিজ্ঞানীরা এসব ফাটলের সন্ধান পান।
সেন্টিনেল-১ স্যাটেলাইট থেকে ভূমিকম্পের আগে ও পরে তোলা ছবি যাচাই করে ফাটল দুটি সম্পর্কে নিশ্চিত হন বিজ্ঞানীরা। শুক্রবার এক টুইট বার্তায় কমেট জানায়, বড় ফাটলটি ভূমধ্যসাগরের উত্তর-পূর্ব প্রান্ত থেকে আরও উত্তর-পূর্বে ৩০০ কিলোমিটার পর্যন্ত গিয়েছে। দ্বিতীয় ফাটলটি ১২৫ কিলোমিটার।
কমেটের প্রধান টিম রাইট বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া ফাটলটি দৈর্ঘ্যের দিক দিয়ে একটি রেকর্ড। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার বিষয়টিও অস্বাভাবিক।
সোমবার তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেদিন ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর ৯ ঘণ্টা পরে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এসব ভূমিকম্পে এখন পর্যন্ত সাড়ে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০১
সূত্র : কালবেলা




