ছবি: ফাইল ছবি।
পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর ঝগড়ার একদিন পর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ওই যুবক সুন্দর আলী (২৫)। সে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার ছমেদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে সুন্দর আলী ও তার স্ত্রী লুবনা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রবি বার (১২ জুলাই) দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে লুবনা বেগম তার বোনের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরদিন সোমবার (১৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত সুন্দর আলী শয়নকক্ষ থেকে বাইরে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সুন্দর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে সুন্দর আলীর স্ত্রী লুবনা বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম এবং জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫




