প্রতিকী ছবি
কৃষক লীগের একজন নেতার জামিন না মঞ্জুর করায় আদালতের ভেতর ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই আশরাফুল বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।
ওই দিন সন্ধায় এই মামলায় এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আরেকজন আসামি কারাগারে। তাকে শ্যান অ্যারেস্ট দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম আবুল খায়ের সজল। তিনি সুনামগঞ্জের তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগাওর বাসিন্দা আব্দুর রহিমের ছেলে ও ওই উপজেলার আওয়া লীগের কর্মী। সোমবার অন্য এক মামলার হাজিরা দিতে এলে স্লোগানকান্ডে তিনি গ্রেপ্তার হন।
সুনামগঞ্জ পুলিশ সুপার এবি এম জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা ও আদালত সুত্র জানায়, আওয়ামী সরকার পতনের পর তাহিরপুরে দায়েরকৃত একটি নাশকতা মামলার এজাহারনামীয় আসামি হিসাবে উপজেলা কৃষক লীগের সহ সভাপতি জিল্লুর আখঞ্জি সোমবার সকাল ১১টার দিকে আদালতে আত্মসমর্পন করেন।
আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জিল্লুর আখঞ্জির জামিন না মঞ্জুর হওয়ায় আদালতের এজলাস থেকে কাষ্টডিতে নেয়ার সময় জামিনপ্রাপ্ত বেশ কয়েকজন আসামি ও শহর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্তেজিত হয়ে ‘জয়বাংলা’ স্লোগান দিতে দিতে আদালত ত্যাগ করেন।
ওই স্লোগানের ঘটনায় আদালতের ভেতর-বাহিরে গণআতঙ্ক ছড়িয়ে পড়ে। স্লোগানের ভিডিও ফুটেজে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সরকার ও আদালতের নজরে আসার পরপরই ওই মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আদালতের একাধিক আইনজীবী নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, মামলার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের কৌশল হিসাবে আপাতত ওই মামলার অন্য আসামিদের নাম প্রকাশ সম্ভব হচ্ছেনা।
সিলেটভিউ২৪ডটকম/ইকে




