ছবি: সংগৃহিত

সিলেট সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সৌহার্দ্যপূর্ণ দৃশ্য দেখা গেছে।

 


বিকেল ৫টার দিকে সভা শেষে বের হওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ড. শাহ জামাল নুরুল হুদাকে ডেকে তার হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতে তুলে দিয়েছেন। এই বিশেষ মুহূর্তটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে ড. শাহ জামাল নুরুল হুদার সুসম্পর্ক দীর্ঘদিনের।

 

‎বিষয়টি সম্পর্কে কৌতুহলী অনেকেই ড. শাহ জামাল নুরুল হুদার কাছে জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আমাকে বিএনপির একজন কর্মী হিসেবে স্নেহ করেন। তাঁর সাথে দেড়-দুই দশকের সম্পর্ক। বিগত দিনে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। এখনও হাল ছাড়িনি। আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অনেক বঞ্চনা, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে এখন ক্ষমতায়। এখন জনগণকে দেওয়ার পালা। আমাদের প্রতি জনগনের প্রত্যাশা অনেক।

 

‎নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে তিনি আরও বলেন, আপনারা অনেকেই জানেন, আমি সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলাম। দুই দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম। উপজেলাবাসী আমাকে বিপুল ভোট দিয়েছিলেন, কিন্তু ফ্যাসিস্টরা ফসল উঠাতে দেয়নি। এবার অনেক প্রত্যাশা নিয়ে আছি, আগামী সুদিনের অপেক্ষায়।

 

‎বাণিজ্যমন্ত্রীর সাথে হাত মেলানোর বিষয়টি নিয়ে তিনি বলেন, সিলেট-১ আসনের অভিভাবক, মাননীয় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় করার জন্যই হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের দুজনকে একাসনে এনে হাসিমুখে হাতে হাত মিলিয়ে দিয়েছেন।

 

‎উল্লেখ্য, ড. শাহ জামাল নুরুল হুদা এর আগে নিজ ইউনিয়ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-১০