পটুয়াখালীর বাউফলে এক স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে সভা চলাকালে এ ঘটনা ঘটে।
আহত ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম হাসনাইন হোসেন সোহেল (৪৮)। তিনি জানান, বিএনপি নেতা নজরুল খান ও তার কয়েকজন সহযোগী এ হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন করা হলে প্রিজাইডিং কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন। এ সময় নির্বাচনটি নিয়মবহির্ভূত দাবি করে প্রতিবাদ জানান স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল। এতে বিএনপি নেতা নজরুল খানের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। এরপর স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলের উপর হয় হামলা।
যদিও হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা নজরুল খান বলেন, ‘আমন্ত্রিত হয়েই আমি সভায় উপস্থিত হয়েছিলাম। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ভুয়া তথ্য দিয়ে দীর্ঘদিন ধরে স্কুলে প্রভাব বিস্তার করে আসছিল। আমি কোনো হামলা চালাইনি, অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধ করেছি মাত্র।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ‘নির্বাচনের বিষয়টি পুলিশকে আগে থেকে জানানো হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৯




