পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।
 


প্রতিষ্ঠানটি জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহর, সদর ও সরাইল উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এতে আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে প্রায় ২৩ হাজার গ্রাহক সাময়িক দুর্ভোগে পড়বেন।
 

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল হক বলেন, “জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে চেষ্টা থাকবে সময়ের আগেই যেন কাজ শেষ করা যায়। জেলা শহর, সদর, সরাইল ও বিসিক এলাকার পাশাপাশি মহাসড়ক সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও এই সময়ে গ্যাস মিলবে না।”

গ্যাস সরবরাহ বন্ধের খবরে চরম উদ্বেগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে আগেভাগেই খাবার কিনে রাখা ও রাতে রান্না সেরে রাখার প্রস্তুতি নিচ্ছেন।

জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা ব্যবসায়ী সামিউল বাশার বলেন, ‘মঙ্গলবার গ্যাস থাকবে না শুনে প্রস্তুতি নিতে শুরু করেছি। এরই মধ্যে পাউরুটি ও কলা কিনেছি। কারণ মঙ্গলবার দিনভর হোটেলগুলোতে ভিড় থাকবে।’
 

ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম বলেন, ‘কাল হোটেলে খাবার পাওয়া যাবে না। আমার মা রাতেই রান্না করে ফেলবেন বলে জানিয়েছেন।’

সাময়িক এই অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০