মৌলভীবাজারের জুড়ীতে বায়োগ্যাস উৎপাদন কাজে যুব সমাজ এগিয়ে আসছেন। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে পুজি দিচ্ছে এবং বায়োগ্যাসের স্লারি থেকে জৈব সার উৎপাদনের জন্য উপজেলা কৃষি অফিস উদ্যোক্তাদের আর্থিক অনুদান দিয়ে উৎসাহিত করছে।
 

উপজেলার সাগরনাল ইউনিয়নকে বায়োগ্যাস পল্লী ঘোষণা করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বায়োগ্যাস বিভাগ।
 


সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়- বায়োগ্যাস অন্যান্য গ্যাসের মত একটি  জ্বালানী। যা দিয়ে চুলায় রান্নার কাজ করা যায়, বাতি জ্বালানো যায়। সেই সাথে কৃষি কাজ ও শিল্প খাতে বিভিন্ন কাজে এ গ্যাস ব্যবহার করা যায়। তবে গৃহস্থালী কাজে বায়োগ্যাস খুবই আরামদায়ক ও সাশ্রয়ী। বায়োগ্যাস প্রক্রিয়ার অবশিষ্টাংশ থেকে তৈরি হয় জৈব সার। বায়োগ্যাস উৎপাদন কাজে গবাদিপশুর গোবর, হাঁস-মুরগীর বিষ্ঠা, উদ্ভিধাংশ, খাদ্য বর্জ্য, নর্দমার মলমূত্র ও কৃষি বর্জ্য ইত্যাদি ব্যবহার হয়। তবে জুড়ীর উদ্যোক্তাগণ বায়োগ্যাস উৎপাদনে শুধু গরুর গোবর ব্যবহার করেন। বিশেষ ভাবে তৈরি একটি জারের মধ্যে নির্ধারিত পরিমাণে গোবর ও পানি দিয়ে জারের ভিতরে স্থাপিত হস্ত চালিত একটি মেশিন ঘুরাতে হয়। এভাবে ঘূর্ণায়নের ফলে এই জার থেকে গোবর গুলো প্রক্রিয়ার মাধ্যমে একটি নলের সাহায্যে নিকটবর্তী গ্যাস চেম্বারে গিয়ে পড়ে। সেখানে গ্যাস উৎপন্ন হয়। বিশেষ পাইপ এর মাধ্যমে এ গ্যাস বাড়িতে নিয়ে চুলায় সংযোগ দেয়া হয়। এ গ্যাস সবধরণের জ্বালানী কাজে ব্যবহার করা যায়। গ্যাস চেম্বারে গ্যাস উৎপন্ন হবার পর স্লারি গুলো একটি গর্তে গিয়ে জমা হয়। সেখান থেকে সেগুলো তুলে সেটা থেকে কম্পোস্ট (জৈব সার) উৎপাদন হয়। যা কৃষি কাজে ব্যবহার হয়।
 

জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল (টিলাগাঁও) গ্রামের বাসিন্দা মন্তাজ আলীর পুত্র জমির উদ্দিন (৩৫) ২০২৫ সালের জুন মাসে প্রথম বায়োগ্যাস থেকে জ্বালানী উৎপাদন শুরু করেন।

তার অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে ইউনিয়নের সাগরনাল গ্রামের সজল শর্মা, লুৎফুর রহমান, মুস্তাকিম হোসেন, আব্দুল করিম, সাহেদ আহমদ, জামালুর রশিদ, আব্দুল মুহিত, দক্ষিণ সাগরনাল গ্রামের ফখর উদ্দিন, কলাবাড়ি বাজারের বদরুল ইসলাম ও আব্দুল কাদির এবং বরইতলী গ্রামের আপ্তাব আলী ও খসরু মিয়া বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে উপকৃত হচ্ছেন।
 

জমির উদ্দিন জানান- তিনি বায়োগ্যাস প্লান্টে মাত্র দেড় লাখ টাকা বিনিয়োগ করেছেন। নিজে শ্রম দেন আরো দু’জন শ্রমিক কাজ করেন। প্রতিবার দেওয়ার বক্সে (বিশেষ জার) ১০০ কেজি গোবর ও ১০০ কেজি পানি দিয়ে গ্যাস উৎপন্ন করেন। এজন্য নিজের গরুর খামারের গোবর ব্যবহার করেন এবং আরো গোবর ক্রয় করে আনেন। এই ছোট প্লান্ট থেকে উৎপাদিত গ্যাস দিয়ে তিনটি চুলা জ্বালানো যায়। তিনি নিজে একটি চুলা জ্বালান এবং অন্য দুইটি চুলায় সংযোগ দিয়েছেন। যা থেকে মাসে সাত হাজার টাকা আয় করেন। বড় প্লান্ট হলে আরো বেশী চুলায় সংযোগ দেয়া যেতো।

দশম শ্রেণি পর্যন্ত পড়–য়া জমির উদ্দিন বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম সুদে ৩ লাখ টাকা ঋন নিয়ে বায়োগ্যাস ও জৈব্য সার উৎপাদন শুরু করি। সার সংরক্ষনের জন্য উপজেলা কৃষি অফিস একটি ঘর তৈরি করে দেয়। সেই সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় এক লাখ টাকা অনুদান প্রদান করেছে। আমার এখানে প্রতি মাসে ৫টন জৈব সার উৎপন্ন হয়। উপজেলা কৃষি অফিস সার গুলো কিনে নিয়ে কৃষকের মাঝে বিতরণ করতো। বর্তমানে কৃষি বাজেট বন্ধ থাকায় নিচ্ছে না। এখন ১৬ টন সার মজুদ আছে। তবে স্থানীয় কৃষকগণ তাদের চাহিদামত সার কিনে নিচ্ছেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার সহযোগিতায় উদ্যোক্তারা আর্থিক ভাবে লাভবান হচ্ছি।”

তিনি বলেন, ‘প্রতিমাসে ৩০ টন জৈব সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এজন্য বড় অঙ্কের অনুদান প্রয়োজন। সরকার অনুদান দিলে উদ্যোক্তারা এগিয়ে আসবেন। এতে করে বাজারে জ্বালানী গ্যাস ও সারের উপর চাপ কমবে।’
 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, “জুড়ী উপজেলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন কর্মসূচী সফলতার সহিত বাস্তবায়ন হচ্ছে। সাগরনাল ইউনিয়নকে বায়োগ্যাস পল্লী ঘোষণা করা হয়েছে। এপর্যন্ত ১৩টি প্লান্ট বাস্তবায়ন হয়েছে। সেখান থেকে ৮০টি পরিবার গ্যাস ব্যবহারের সুফল ভোগ করছে। ভবিষ্যতে আরো ব্যাপক আকারে বায়োগ্যাস প্লান্ট হবে এবং মানুষ সিলিন্ডার গ্যাসের যন্ত্রণা থেকে রেহাই পাবে। বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য যে কেউ যুব উন্নয়ন থেকে ঋন নিতে পারে। প্রথম তিন মাস কোনো কিস্তি দিতে হয় না। পরে মাত্র ২.৫০ হারে সুদসহ ২৪ কিস্তিতে ঋন পরিশোধ করা যায়।”

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান বলেন, “পরিবেশ দূষণের এ যুগে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য জৈব সারের বিকল্প নাই। এর মধ্যে অন্যতম কেচু সার এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বায়োগ্যাস প্লান্ট থেকে  উদ্যোক্তারা একই সাথে গ্যাস ও সার পাচ্ছেন। যা বিক্রি করে তারা আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। যে কোনো উদ্যোক্ততা এ প্লান্ট করতে চাইলে আমরা সবধরণের সহযোগিতা করব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী বলেন, ‘বায়োগ্যাস অত্যন্ত উপকারী ও নবায়ন যোগ্য শক্তির উৎস্য। এ থেকে উৎপাদনকারী ও কৃষক উপকৃত হচ্ছেন। বায়োগ্যাস প্লান্ট জুড়ী উপজেলায় একটি বিপ্লব ঘটাতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।’

 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০৫