ছবি: সিলেটভিউ গ্রাফিক্স।
অবশেষে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরুর আগের রাতে প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন শ্রমিক নেতারা। সোমবার (১৬ নভেম্বর) থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল। তবে রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতারা।
ফলে সোমবার থেকে সিলেটে পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।
এতথ্য নিশ্চিত করে পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে বৈঠকে বসেন। পরে তারা একটি সমাধান পেয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ।
এসময় শ্রমিক-পুলিশ বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতারা।
রাজন জানান,সোমবার (১৬ নভেম্বর) থেকে অনিদৃষ্টকালের জন্য ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল সেটা স্থগিত করা হয়েছে। ফলে সর্বস্তরের পরিবহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ করছি ।
উল্লেখ্য, তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।
দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা এবং নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।
গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এদের মধ্যে এক পক্ষ ধর্মঘটের পক্ষে ও আরেকপক্ষ বিপক্ষে অবস্থান নিয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬




