টাঙ্গাইলে পরিত্যক্ত একটি ফিলিং স্টেশনে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরূন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছোরমান আলী (৪৭) সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার আবু হানিফের ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
পুলিশ জানায়, রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমানের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭




