ছবি: সংগৃহিত।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় এই সংসদ সদস্য ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং পরবর্তীতে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। আমরা সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি।
এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটের কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় এমপি গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের পাশের আরেকটি কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণ হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৫




