কুয়েতে আয়োজিত ঐতিহ্যবাহী 'কিংস প্রিমিয়ার লিগ (কেপিএল) T-20' ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জয় করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের দল 'জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব'।

ভারতীয় প্রবাসীদের সার্বিক পরিচালনায় আয়োজিত বহুজাতিক এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের প্রবাসীদের  মোট ১২টি দল অংশগ্রহণ করে।


দীর্ঘ ৬ মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে গত ১৬ অক্টোবর (শুক্রবার) সোলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশীদের জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব এবং ভারতীয় প্রবাসীদের শক্তিশালী দল 'এশিয়ান ব্রাদার্স'।

ম্যাচে টসে জিতে জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাবের অধিনায়ক প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। বাংলাদেশী বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের মুখে পড়ে এশিয়ান ব্রাদার্স নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১২৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং উপহার দেয়। মাত্র ১১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশী দল। ৭ উইকেটের এই বিশাল জয়ে টুর্নামেন্টের অলঙ্কৃত শিরোপা নিজেদের নামে করে নেয় তারা। ফাইনালে চোখধাঁধানো পারফরম্যান্সের জন্য 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন রাজু আহমেদ। বিজয়ী দলের অধিনায়ক মোয়াজ্জেম হোসেন প্রতিক্রিয়ায় বলেন, কিংস প্রিমিয়ার লিগ ভারতীয় প্রবাসীদের পরিচালিত হলেও এতে বিভিন্ন দেশের প্রবাসী দল অংশ নেয়। আমরা বাংলাদেশী দল হিসেবে টুর্নামেন্টে লড়েছি। এই বিজয় শুধু আমাদের ক্লাবের নয়, কুয়েতের মাটিতে এটি প্রিয় লাল-সবুজের বিজয়। প্রবাসী ক্রিকেটারদের এই গৌরবোজ্জ্বল অর্জনে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, প্রবাসে নানা ব্যস্ততা ও কর্মজীবনের কঠিন চড়াই-উতরাই পেরিয়ে আমাদের ভাইয়েরা যেভাবে এই সাফল্য এনেছেন, তা প্রশংসনীয়। এটি প্রমাণ করে যে প্রবাসীদের মেধা ও শ্রমকে সঠিক মূল্যায়নে কাজে লাগাতে পারলে সুদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।
 


সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-০৩